মস্ত মিয়া,
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাইমদ ও ২ হাজার ১৫০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মোড়াইল রেল কোয়ার্টারে সুমন বাসফোর (৪০) নামে এক ব্যক্তির নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট টিনের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘর তল্লাশি করে ১০০ লিটার চোলাইমদ এবং ২ হাজার ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত সুমন বাসফোর পালিয়ে যান।
পলাতক সুমন বাসফোর উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকার মৃত বাবুল বাসফোরের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান জানান, মাদক উৎপাদন, সংরক্ষণ ও পাচারের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি, এম নজরুল ইসলাম খান,, সম্পাদক ও প্রকাশক,সৈয়দ মোহাম্মদ কায়সার আমীরি,
Copyright © 2026 DAILY ALOKITO SOMAJ. All rights reserved.